যেভাবে তোমার ক্লাসনোটটি হবে সবার থেকে আলাদা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ এএম

ক্লাসে শিক্ষকের প্রতিটি কথা মনে নাও থাকতে পারে। কিন্তু ক্লাসনোট তৈরি করলে পরে পড়তে ও বুঝতে যেমন সুবিধা হয়, তেমনি পড়ার সময় ক্লাস লেকচারও আবার মনে পড়ে। কার্যকরী ক্লাসনোট তৈরি করতে হলে বেশ কিছু বিষয় আমলে নিতে হবে তোমাকে।

ক্লাসনোটের জন্য আলাদা খাতা বানাও : ক্লাসনোটের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করতে হবে। ক্লাসে শিক্ষকের কথা শুধু শুনবে না। খাতায় লিখেও রাখবে। তবে সব কথা মনে নাও থাকতে পারে। বাসায় এসে ক্লাসের খাতার লেখাগুলো যতটুকু মনে পড়ে একটি আলাদা খাতায় বিস্তারিত লেখ। এটিই তোমার ওই বিষয়ের ক্লাসনোট খাতা।

মনোযোগী থাকতে হবে ক্লাসে : ভালো ক্লাসনোট করতে ক্লাসে মনোযোগী থাকতে হবে। শিক্ষক কী বলছেন, কোন বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করছেন খেয়াল রাখো ও খাতায় লিখে রাখো। ক্লাসে মনোযোগ না থাকলে এসব ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবে।

বুঝে লেখো : শিক্ষক যা বলছেন তা বুঝে নিজের মতো গুছিয়ে লেখো। তাহলে মনে থাকবে বেশি। বুঝে না লিখলে পড়ার সময় বুঝতে অসুবিধা হয়। তাই লেকচার বুঝে নোট করো।

চিত্র, সংকেত ও গ্রাফ দিয়ে নোট করো : ক্লাসনোটকে সমৃদ্ধ করতে প্রয়োজনীয় চিত্র আঁকো। ওই বিষয়ের সূত্রগুলো পাশে লিখে রাখো। গ্রাফ প্রয়োজন হলে তা সংযুক্ত করো। চিত্র, গ্রাফ ও সংকেত সংযুক্ত করলে বিষয়টি আরও বোধগম্য হয়ে উঠবে।

হাতে লেখো : পরীক্ষায় উত্তর হাতেই লিখতে হয়। তাই হাতে লিখে নোট করার অভ্যাস করো। এর ফলে কোন প্রশ্ন লিখতে কতটুকু সময় লাগবে সে সম্পর্কে তুমি একটি ধারণা পাবে। তা ছাড়া দ্রুত লেখার অভ্যাসও তোমার আয়ত্তে আসবে, যা পরীক্ষার দিনগুলোতে কাজে লাগবে।

লেখক : ফিচার রাইটার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত