নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসী নিহত 

নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মো. সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় পথচারী রাকিবসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। 

এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। নিহত মো. সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে। 

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন, মো. রাকিব হোসেন (২৫), মো. রিয়াজ (২১), উভয়ের পিতা- মনির হোসেন, রতনপুর গ্রামের জাফর আহমদের ছেলে নাজিম উদ্দিন (১৮), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. রাকিব (২৪)। 

আহত ৪ জনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে মো. রাকিব ও রিয়াজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং নাজিম উদ্দিন ও রাকিবকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সিফাত গ্রুপ ও রিয়াদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে দুপুরের দিকে সিফাত গ্রুপ ও রিয়াদ গ্রুপের মধ্যে স্থানীয় বাঁধেরহাট বাজারে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুর্তাহীন বিল্লাহ জানান, এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।