পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগীদের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে মারধরে গুরুতর আহত হন ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার।
তিনি জানান, হামলার শিকার হওয়ার ১০ মিনিট আগে শেখর সিকদার তার দোকানে গিয়ে বসেন। পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান চলছিল। বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার এসে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারকে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলে। এ সময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের লোকজন এসে শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। শেখর সিকদার চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বর্তমান চেয়ারম্যানের সহযোগীরা তাকে গালিগালাজ শুরু করে। এরপর চেয়ারম্যান মিঠুন হালদারের নির্দেশে তার সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর কাঠের চলা (কাঠের টুকরো) দিয়ে শেখর সিকদারকে এলোপাতাড়ি পেটাতে থাকে। ব্যবসায়ী সজল সিকদার থামাতে গেলে তাকেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। তাদের আঘাতে শেখর সিকদার এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাজারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বরূপকাঠী থানার ওসি মো. গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে সকালে কুরিয়ানা বাজার এলাকায় মিঠুন হালদারের নির্দেশে তার সন্ত্রাসীরা শেখর সিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।’