তিন সন্তান নিয়ে গৃহবধূর বিষপান ছোট মেয়ের মৃত্যু

গোপালগঞ্জে বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান পলি বেগম নামে এক গৃহবধূ। শুধু তাই নয়, নিজের হাতে বিষ খাওয়ান তার তিন কন্যা সন্তানকেও। অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার সকাল ৮টার দিকে ছোট মেয়ে দেড় বছরের মীম মারা যায়।

জানা গেছে, বছর দশেক আগে কাশিয়ানী উপজেলার লংকারচর গ্রামের টিটু মোল্যার সঙ্গে একই উপজেলার খাগড়াবাড়ি গ্রামের পলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শাশুড়ি সেকেলা বেগম পলির বাবার একাধিক বিয়ে করা নিয়ে তার ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

মঙ্গলবার সকালে পলি তার শাশুড়ির উঠানে জ্বালানি (গাছের পাতা) শুকাতে দেয়। এ নিয়ে শাশুড়ি গালমন্দসহ পলির বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে নানা বাজে মন্তব্য করতে শুরু করেন। একপর্যায়ে দুপুরে জমিতে ব্যবহারের জন্য বাড়িতে থাকা কীটনাশক পান করেন পলি বেগম। পরে চামচে করে একে একে তার মাদ্রাসায় পডুয়া আট বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকে বিষপান করান।

বিষয়টি টের পেয়ে প্রথমে তাদের নেওয়া হয় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান জানান, মা পলি বেগম ও বড় মেয়ে আফসানা শঙ্কামুক্ত হলেও খানিকটা ঝুঁকিতে রয়েছে ছোট দুই মেয়ে আমেনা ও মীম। পরে গতকাল সকালে মীম মারা যায়।