আইনমন্ত্রী বললেন

ড. ইউনূসের মামলা নিয়ে অপপ্রচার হচ্ছে

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে বিদেশে অপপ্রচার ও মিথ্যা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। ড. ইউনূসকে মামলার মাধ্যমে কোনো হয়রানি করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কারও অঙ্গুলি হেলনে চলি না। দেশে আইন আছে, আমরা সেই আইনে দেশ চালাব।’

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আমি বিচারাধীন মামলা নিয়ে কথা বলব না। কিন্তু যেখানে সরকার, বিচার বিভাগ ও দেশের ব্যাপার জড়িত, যখন দেশের মর্যাদা হেয় করার প্রচেষ্টা চলে, তখন নিশ্চুপ থাকা যায় না।’

তিনি বলেন, ‘বিচার বিভাগসহ বাংলাদেশের মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচারের ধারাবাহিকতাকে ক্ষুণ করার জন্য একটি মামলাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে।’

আনিসুল হক বলেন, ‘ড. ইউনূসকে হয়রানি করার জন্য সরকার কিছু করছে না। সরকার তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেটি শ্রমিকরা করেছিলেন। তারপরে শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) তার বিরুদ্ধে মামলা করেছে।’

তিনি বলেন, ‘দেশ আমাদের সবার। দেশের সব অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ রক্ষা মানুষের দায়িত্ব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে সবাইকে আইনের মাধ্যমে বিচারের সম্মুখীন হতে হবে।’

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এই মামলায় যদি তদন্ত শেষ না  করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়ানো ঠিক? তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তাদের ততটুকু সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর বিচার ত্বরিত  হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদের সময় দিতে হবে।’