কক্সবাজারে ‘কিশোর গ্যাংয়ের’ হাত থেকে নানিকে বাঁচাতে গিয়ে আলাউদ্দিন (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে পৌর এলাকার সমিতি পাড়ায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন একই এলাকার ইমরান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলাউদ্দিনের নানি একজন চায়ের দোকানি। তার দোকানে প্রায় সময়ই চা-নাস্তা খেয়ে টাকা পরিশোধ করে না এলাকার কয়েকজন কিশোর। গত বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাওয়ায় ওই নারীকে ছুরিকাঘাত করে তারা। পরে আলাউদ্দিন এগিয়ে এলে তার ওপর চড়াও হয়।
আলাউদ্দিনের নানি বলেন, ‘চায়ের বিল চাওয়ায় কুতুবদিয়া পাড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলের নেতৃত্বে আবুল হাসান, মুবিন, মেহেদি প্রথমে আমাকে ও পরে আমার নাতি আলাউদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
নিহতের বাবা ইমরান হোসেন বলেন, ‘খুনিরা ছেলেকে হত্যার পর আমার ভাইকে খুনের হুমকি দিচ্ছে।’
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ বলেন, হত্যাকান্ডের হোতা মুবিনকে র্যাব আটক করেছে।
টাঙ্গাইলে আহত সেই কলেজছাত্রের মৃত্যু : টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার কলেজছাত্র জিজান হাসান দীপ্ত (১৮) নয় দিন পর মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাসাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিন্স মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের হামলার শিকার ওই কলেজছাত্র ২৪ জানুয়ারি থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সঙ্গে লড়ে নয় দিন পর দীপ্ত আজ (গতকাল) সকালে মৃত্যুবরণ করেন।’
দীপ্ত সখীপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম মল্লিকের ছেলে। তিনি ঢাকার পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
ছেলের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের প্রধান বাসাইলের থানাপাড়ার হোসেন আলীর ছেলে শাকিল আহাম্মেদসহ (২৫) আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনের বিরুদ্ধে ২৭ জানুয়ারি বাসাইল থানায় মামলা করেন দীপ্তর মা সোহেলী সুলতানা দিপা। মামলার পর শাকিল ও তার সহযোগী অনিক এবং আসাদ মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে শাকিল ও অনিককে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩ : কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সার্কিট হাউজের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন। তিনি বলেন, আটককৃতদের বয়স ১৮ বছরের নিচে।
স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৪টায় সার্কিট হাউজ মোড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়াধাওয়ি শুরু হয়। এ সময় দুই গ্রুপের অন্তত ১০০ জন্য কিশোর অস্ত্র প্রদর্শন, ইটপাটকেল এবং ককটেল নিক্ষেপ করে। বেশ কয়েকজনের হাতে রামদা দেখা যায়।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং কক্সবাজার ও টাঙ্গাইল প্রতিনিধি)