সাংবাদিকদের কাদের

বিএনপির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় চিন্তিত নয় আ.লীগ

বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। আমরাও দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। কাজ করছি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে। তবে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশের মানুষ ভালো আছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা অস্থিরতার মধ্যে ভালো দিক।’

গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দেশ-বিদেশে বন্ধু আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখরক্ষার বিষয় আছে। তেমনি কর্মীদের ক্ষমতার লোভ দেখিয়েছে। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয়নি। তারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়েছে।’

সারা বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যার রেশ বাংলাদেশেও রয়েছে। বৃহস্পতিবার দেখলাম রেমিট্যান্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। ওঠানামা থাকবেই। এ অস্থিরতার মধ্যেও জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ, দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম উপস্থিত ছিলেন।