সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে ‘৫০ বছর লাগা’ নিয়ে বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রীর ভাষ্য, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রকৃতপক্ষে সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে বলে বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি আপেক্ষিক অর্থে বলেছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদের ধরতে সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি আপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে কিন্তু যারা এ অপরাধ করেছে, এ খুনটা করেছে, তাদের ধরার জন্য যত সময়ই লাগুক, তাদের আমরা ধরব। এ কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’
অন্য কোনো মামলার এরকম বিলম্বে তদন্তের নজির আছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। ৪২ বছর পর যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ২৪ বছর পর একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।’
এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সকাল সোয়া ১০টায় আখাউড়া স্টেশনে পৌঁছান। এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুদিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় গেছেন আইনমন্ত্রী।