পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সত্যেন্দ্র সিওয়াল। তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে ভারতের দূতাবাসের একজন কর্মী। ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) তাকে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সত্যেন্দ্র সিওয়াল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তরচরবৃত্তিতে জড়িত। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফ। ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা সহকারী (আইবিএসএ) হিসেবে কাজ করছিলেন তিনি। ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি জানতে পারে, দেশটির সেনাবাহিনীর স্পর্শকাতর তথ্য পাচার করতে পাকিস্তানের আইএসআই নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের প্রলুব্ধ করছে। তথ্য পাচারের বিনিময়ে আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে।
সত্যেন্দ্র উত্তরপ্রদেশের হাপুর এলাকার শাহ মহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। মস্কোয় ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালনের সময় গোপন নথি পাচার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি বেশ কিছু তথ্য পাচার করতেও সমর্থ হন।