রাঙ্গামাটির পর্যটনস্থল বাঘাইছড়ির সাজেকে চায়ের দোকানে ব্রাশফায়ার করে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাজেকের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামের আশীষ চাকমা আশুক্যা (৪৫) ও সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ণ চাকমা (৩৮)।
এলাকাবাসী জানায়, দুপুরে ওই চায়ের দোকানে বসে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফের কয়েকজন কর্মী কথা বলছিলেন। এ সময় একদল সশস্ত্র যুবক দোকানটি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই আশীষ ও দীপায়ণ মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আরেক আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। সংগঠনটির বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এমন অভিযোগ করেন। তবে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ত্রিদিব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাজেক এলাকায় জনসংহতি সমিতির কোনো কার্যক্রম নেই। তাদের অভিযোগ ভিত্তিহীন।’