কারিগরি ত্রুটিতে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) গণমাধ্যমকে জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে গতকাল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হওয়ায় যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথ সময়ে সময়ে বন্ধ করে দিয়েছিল মেট্রোরেল কর্র্তৃপক্ষ। এদিন বেলা সাড়ে ১১টা থেকে মেট্রোরেল কর্র্তৃপক্ষ এ ব্যবস্থা নেওয়া শুরু করে। এমআরটি ৬-এর উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আজ (গতকাল) যাত্রীদের প্রচণ্ড চাপ। স্টেশনের প্রথমতলা যেখানে টিকিট বিক্রি হয়, এর একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে। সেই ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথগুলো বন্ধ করতে হয়।’