পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গতকাল মঙ্গলবার রাতে দিল্লিতে পৌঁছেছেন। ড. হাছান আজ বুধবার রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে নতুন সরকারের শপথ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই ড. হাছান মাহমুদের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ সফরটি উভয় দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি যে উচ্চতর গুরুত্ব এবং অগ্রাধিকার দেয়, তারই প্রতিফলন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃতির অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মকা-ের অগ্রাধিকার নির্ধারণ করবেন। তারা অভিন্ন স্বার্থের উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয়েও মতবিনিময় করবেন বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে গতকাল দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে গিয়ে সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। মিয়ানমার ইস্যুতে আমরা আগেও ভারতের সহযোগিতা চেয়েছি, এবারও এ বিষয়ে আলোচনাটা স্বাভাবিক।
সাংবাদিকরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিয়ানমার সংকটের জন্য সরকারের নীতিকে দায়ী করেছেনÑ এমন প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা নেই। রুহুল কবির রিজভী যা বলেছেন সেটা পাগলের প্রলাপ। তারা ভেবেছিলেন নির্বাচন-পরবর্তী বিদেশিরা হস্তক্ষেপ করবে। কিন্তু তারা এখন হতাশ হয়ে এ ধরনের কথা বলছেন।
এর আগে মন্ত্রণালয়ে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন এবং ভ্যাটিকানের দূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নরওয়ের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের হাতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন। নরওয়ের সঙ্গে দূষণমুক্ত শক্তি বা ক্লিন এনার্জি বিষয়ে সহযোগিতার পাশাপাশি ভ্যাটিকানের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট দুই দূতের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।