খুলনায় মাটিবাহী ড্রাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), বিশ্বজিতের ২ বছরের শিশুকন্যা অর্নি বিশ্বাস, নীপা ঢালী (২৮) ও বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫০)।
নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অর্নি বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎ (৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে চুকনগর থেকে ইজিবাইকে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে যাওয়ার পথে খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় পৌঁছালে মাটি ফেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্প ট্রাক ইজিবাইককে সজোরে মুখোমুখি আঘাত করে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সরদার শরিফুল ইসলাম বলেন, চারটি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। এছাড়া আহত দুজন খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে।
ফেনীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ : ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাটিবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক মো. লিমন (১৪) নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে ফেনীর আমিনবাজার সড়কের সুলতানপুরে বিদ্যুতের সাবস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ফেনী শহরের কলেজ থেকে যাত্রী নিয়ে উপজেলার আমিনবাজারের দিকে যাচ্ছিল লিমন। পথে সুলতানপুরে বিদ্যুতের সাবস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক মো. লিমন ও তিন যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনের মধ্যে একজনকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়ায় মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, আহত ৪ : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরার সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।