ঘুড়িকান্ডে মেট্রো আবারও বন্ধ এক ঘণ্টা

রাজধানীর আধুনিক পরিবহন সেবায় মেট্রোরেল মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে না থেকে উত্তরা থেকে মতিঝিল রুটে বেশিরভাগ যাত্রী মেট্রোরেলে চলাচল করে। কিন্তু মেট্রোরেল মাঝেমধ্যেই নানা জটিলতায় বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। গতকাল বুধবার মেট্রো লাইনের তারে ঘুড়ি আটকে যাওয়ায় প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে রেল চলাচল। এর আগেও গত বছরে ফেব্রুয়ারি মাসে ঘুড়ির কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। যার জন্য মেট্রোরেলের লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল মেট্রোরেল কর্র্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই মেট্রোরেলের প্রতিটি স্টেশনে ছিল উপচে পরা ভিড়। তবে দুপুরের দিকে ঘুড়িকে কেন্দ্র করে বন্ধ থাকায় ভোগান্তীতে পড়ে যাত্রীরা। যদিও এক ঘণ্টা পর চালু হয় মেট্রোরেল। এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রোরেল। তখন প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়। এ ঘটনায় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে মেট্রোর অপেক্ষা থাকা এক যাত্রী মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি মেট্রোরেল যাওয়ার জন্য। কিন্তু এখনো মেট্রোরেল আসছে না। লাইনে কী যেন সমস্যা হয়েছে সে জন্য আসছে না। তবে এইভাবে হুটহাট বন্ধে হয়ে যাওয়ায় চরম ভোগান্তী পোহাতে হচ্ছে।

মেহেদী হাসান নামের আরেক যাত্রী বলেন, কয় দিন আগেও কী যেন সমস্যা হয়েছিল। সে জন্য অনেক সময় ধরে অপেক্ষায় ছিলাম। এখন আবার সমস্যা। মেট্রোরেল কর্র্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হতে হবে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ঘুড়ির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সেই সমস্যার সমাধান করে আমরা দ্রুত মেট্রোরেল চলাচল শুরু করে দিই।