সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি নীতি ও জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, এ বিষয়ে সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘সাংবাদিকদের যোগ্যতা ও গুণগত মান নির্ধারণে একটি নীতিমালা প্রণয়নের জন্য আরেকটি প্রস্তাব আমি সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থেকে পেয়েছি। আপনারা (পেশাদার সাংবাদিক) গণমাধ্যমে শৃঙ্খলা আনতে সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণে নীতিমালা চান। আমরা আপনাদের সঙ্গে কথা বলে তা প্রণয়ন করব।’
গণমাধ্যমে হঠাৎ ছাঁটাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাংবাদিকদের আহ্বানে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা সর্বজনীন মানবাধিকার সনদের লঙ্ঘন। কোনো প্রতিষ্ঠান যাতে স্বল্প সময়ের নোটিসে তার সাংবাদিকদের বরখাস্ত করতে না পারে, সেজন্য তিনি দাপ্তরিক নির্দেশনা জারি করবেন। কাউকে ছাঁটাই করার নোটিস কমপক্ষে তিন মাস আগে দিতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ মানস ঘোষ, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।