দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য দুই প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির পক্ষ থেকে কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দ্বাদশ সংসদে ১১ জন সদস্যের বিপরীতে জাপা পেয়েছে দুটি সংরক্ষিত আসন। ৫০টি সংরক্ষিত মহিলা আসনের বাকি ৪৮টিতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্রদের সমর্থনে আওয়ামী লীগ এই আসনগুলোতে প্রার্থী দিয়েছে। এর মধ্যে একটি আসনে ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টিকে দেওয়া হয়েছে। গত বুধবার আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
একাদশ সংসদে জাপা থেকে সংরক্ষিত আসনে সদস্য ছিলেন, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, সালমা ইসলাম, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার। মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে মনোনয়ন পান জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। এবার রওশন এরশাদের সঙ্গে নির্বাচন বর্জন করেন রওশন আরা মান্নান। এর বাইরে সালমা ইসলাম, নাজমা আকতার ও শেরিফা কাদের জাতীয় পার্টি থেকে নির্বাচন করলেও তারা হেরে যান।
কীসের ভিত্তিতে এই দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলো জানতে চাইলে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংরক্ষিত মহিলা আসনে অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। যেহেতু আমাদের হাতে মাত্র দুটি আসন ছিল তাই গুরুত্ব বিবেচনায় এই দুজনকে মনোনয়ন দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সালমা ইসলাম আমাদের বড় নেতা, সংসদেও তার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে নুরুন নাহার বেগম ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে নির্বাচন করেছেন। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান মূল্যায়ণ করা হয়েছে।’
এর আগে শেরিফা কাদেরকে নিয়ে আলোচনা ছিল। তাকে মনোনয়ন না দেওয়ার কারণ জানতে চাইলে চুন্নু বলেন, শেরিফা কাদের নিজে থেকেই তাকে মনোনয়ন না দিতে অনুরোধ করেছিলেন।