বগুড়ার আদমদীঘিতে সড়ক থেকে এক সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জুর (৫৬)। গত বুধবার রাতে উপজেলার মুরইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মঞ্জুরুল ইসলাম উপজেলার উজ্জলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও দৈনিক ভোরের কাগজের আদমদীঘি উপজেলা প্রতিনিধি ছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতে নিজ গ্রামে একটি পিকনিকে অংশ নিয়ে খাবার খান মঞ্জুরুল ইসলাম মঞ্জু। পরে তার প্রতিবেশীর জামাই আতোয়ার হোসেনকে মোটরসাইকেলে সাহারপুকুর বাজার এলাকায় রেখে বাড়ি ফিরছিলেন।
রাত ১১টার দিকে মুরইল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) কাছে পৌঁছলে কোনো ভারী যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মঞ্জুরুলের শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিনের দাবি, তার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাবার মৃত্যুর প্রকৃত কারণ উদঘটনেরও দাবি জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘অজ্ঞাত (শনাক্ত না হওয়া) কোনো বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মঞ্জুরুল ইসলামের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’