কৃষকদের ওপর লাগাতার কাঁদানে গ্যাস

ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা নানা দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু করেন। পাঞ্জাবের কৃষকরা হরিয়ানা হয়ে দিল্লি প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আন্দোলনের প্রথম দিন থেকে কৃষকদের ওপর ধারাবাহিকভাবে চলছে কাঁদানে গ্যাস। গতকাল শুক্রবারও হরিয়ানা-পাঞ্জাব সীমান্তে তা অব্যাহত ছিল। এদিকে আন্দোলনরত এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার আন্দোলনের চতুর্থ দিন ‘ভারত বনধ’ কর্মসূচির ডাক দেন কৃষকরা। এদিন পাঞ্জাব, উত্তরপ্রদেশসহ দেশের অনেক জায়গায় পালিত হয় এ কর্মসূচি। এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডার সঙ্গে বৈঠকের পর ধারণা করা হয়, সম্ভবত ভারত বনধ প্রত্যাহার করে নেবেন কৃষকরা। কারণ মন্ত্রী বৈঠকের পর জানিয়েছিলেন, কৃষকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

কিন্তু দেখা যায়, কৃষকরা তাদের জায়গা থেকে সরেননি। ভারতের গণমাধ্যমের খবর, আগামীকাল রবিবার কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা আবারও শুরু হতে পারে।

পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শাম্ভু ও খানুরি এলাকায় পুলিশ কৃষকদের ওপর গতকাল টানা কাঁদানে গ্যাস ছোড়ে। তবে কৃষকরা ওই জায়গা থেকে সরে যাননি। বারবার তারা ব্যারিকেড ভাঙার জন্য উদ্যত হচ্ছিলেন। হরিয়ানার পুলিশ অভিযোগ করছে, কিছু সমাজবিরোধী বিক্ষোভের নাম করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) নিশ্চয়তা, পেনশন বীমা এবং কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত চলতি সপ্তাহে আন্দোলন শুরু হয়। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের ৩৫০টির মতো কৃষক সংগঠন এতে যোগ দেয়। এ বিক্ষোভের অন্যতম সংগঠন ‘সংযুক্ত কিষান মোর্চা’। দিল্লিতে কৃষকদের ঠেকাতে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিল্লিকে ব্যারিকেড দিয়ে ঘেরাও করা হয়েছে। রাস্তায় রাস্তায় পুঁতে দেওয়া হয়েছে পেরেক। কংক্রিটের দেয়াল তৈরি করা হয়েছে পথে পথে। কৃষকরা দীর্ঘ সময় আন্দোলন চালু রাখার কথা বলছেন। শাম্ভু সীমান্তে ছাউনি ফেলেছেন কৃষকরা। আর সরকারের কাছে খুবই স্পর্শকাতর গাজীপুর সীমান্ত। পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা এখানে বিক্ষোভ দেখাতে পারেন। এ শঙ্কায় এখানে দিল্লি পুলিশ মোতায়েন করা রয়েছে। এখানে কৃষকদের আনাগোনা রুখতে পাহারা বসিয়েছে পুলিশ। ব্যারিকেড বসানো হয়েছে এখানে।

গত বৃহস্পতিবার কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বৈঠকের পর জানান, কৃষকদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিষয়গুলো নিয়ে বাকি আলাপ হবে রবিবার সন্ধ্যায় (আগামীকাল)। দুপক্ষই একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজবে।

ভারতে গণমাধ্যমে বলা হয়, গতকাল হরিয়ানার আম্বালার কাছে শাম্ভু সীমান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক কৃষক। ওই কৃষকের নাম গিয়ান সিং, যার বয়স ৬৩ বছর। তিনি পাঞ্জাবের বাসিন্দা। গতকাল সকালে বুকে ব্যথা ওঠার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।