ভারতে ফের শুরু হয়েছে কৃষক আন্দোলন। এই দফার আন্দোলন ইতিমধ্যে পঞ্চম দিনে পড়েছে। তবে কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের দফায় দফায় বৈঠকেও সমাধান সূত্র বের হয়নি। আজ রবিবার আবারও বৈঠকে বসার কথা। তবে এর মধ্যে গতকাল শনিবার কৃষক নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি মানা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি তারা দেশটির চারটি রাজ্যে ধরনায় বসার ঘোষণা দিয়েছেন।
গতকাল টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, তারা মনে করছেন কেন্দ্রীয় সরকার আলোচনার নামে অযথা কালক্ষেপণ করে কৃষকদের পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে আটকে রাখতে চাইছে।
তাই ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি বৈধতার দাবিতে তারা আগামী ২১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরাখন্ডে ধরনায় বসবেন।
এমএসপি হলো বাজারে অনিশ্চয়তা তৈরি হলে সরকারি খরচে কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে মজুদ করা। এটাকে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি ও মুনাফার একটি নিশ্চয়তার চাবি বলা যায়।