হাইকোর্টের মন্তব্য

চিকিৎসা ক্ষেত্রে সারা বিশ্বে রয়েছে মাফিয়া

বাংলাদেশসহ সারা বিশ্বে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে মাফিয়ারা কাজ করে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছে, ‘এ সমস্যা রাতারাতি দূর হবে না। স্বাস্থ্য ও চিকিৎসা খাত নিয়ে সবাইকে সচেতন হতে হবে।’

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রিট আবেদনের শুনানিতে এমন মন্তব্য করে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছে।

গত ১৫ জানুয়ারি হাইকোর্ট আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের প্রশ্নে রুলসহ ঘটনার তদন্ত করে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। একই সঙ্গে সারা দেশে অনুমোদিত ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ২৯ জানুয়ারি স্বাস্থ্য প্রতিবেদন দিয়ে জানায়, সারা দেশে ১৫ হাজার ২৩৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স (সনদ) রয়েছে। অন্যদিকে লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক রয়েছে ১ হাজার ২৭টি। এর ধারাবাহিকতায় প্রতিবেদনটি গতকাল হলফনামা করে আদালতে দাখিল করা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। ইউনাইটেডের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এ ছাড়া এ রিট মামলায় ইন্টারভেনার (জনস্বার্থে মামলায় পক্ষভুক্ত আইনজীবী) হিসেবে রিটে যুক্ত হতে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের আবেদন গ্রহণ করেছে আদালত।

শুনানিকালে হাইকোর্ট বলে, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মেডিকেল (স্বাস্থ্য ও চিকিৎসা) সেক্টরে মাফিয়ারা কাজ করে।’ আদালত বলে, ‘এ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু আমরা এ বিষয়ে আদেশ দিতে চাই। এমন কিছু করতে চাই যাতে দেশের মানুষের উপকার হয়।’