লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ডুবে মারা যাওয়া আট বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশিত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মাদারীপুরের, বাকি তিনজন গোপালগঞ্জের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার শেনদিয়া গ্রামের সজল, একই উপজেলার কদমবাড়ি উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, সরমঙ্গল গ্রামের মামুন সেখ, তেলিকান্দি গ্রামের কাজী মিজানুরের ছেলে কাজী সজীব, রাজৈর উপজেলার কেশরদিয়া গ্রামের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের দাদনের ছেলে রিফাত, একই উপজেলার দিগনগর ইউনিয়নের রাসেল এবং গঙ্গারামপুর গোহালা ইউনিয়নের মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৪টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটি আগের দিন লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কবলে পড়া নৌকায় চালকসহ ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন নয় জন (অন্যজন পাকিস্তানের)। জীবিত আছেন ৪৪ জন।
জীবিতদের মধ্যে বাংলাদেশের ২৭ জন, পাকিস্তানের আট জন, মিশরের তিন জন, সিরিয়ার পাঁচ জন, মিশরের এক জন। মিশরের ওই ব্যক্তি নৌকা চালাচ্ছিলেন। নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশিদের মধ্যে সাত জন পাসপোর্ট ছাড়া ভ্রমণ করছিলেন।