দীর্ঘদিন দাবি তোলার পর নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলে হালাল ফুড সরবরাহ এবং ঈদের ছুটির দাবি বাস্তবায়নের পর এবার বড়দিনের মতো দুই ঈদের দিনকে নিউ ইয়র্ক রাজ্যে সাধারণ ছুটি ঘোষণার দাবি উঠেছে। চলমান এই আন্দোলনের সমর্থনে রাজ্য সিনেট ও অ্যাসেম্বলি হাউজের ৩৮ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন। গত ৫ ফেব্রুয়ারি রাজধানী আলবেনির পার্লামেন্ট ভবনে আয়োজিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশ হয়েছে। এতে স্টেট সিনেট ও অ্যাসেম্বলির সদস্যরা অংশ নেন এবং মুসলিম কমিউনিটির এই দাবির প্রতি সমর্থন জানান। সংশ্লিষ্টরা জানান, গত ২ ফেব্রুয়ারি উত্থাপিত ঈদ বিলের কো-স্পন্সর হিসেবে ১২ জন রাজ্য সিনেটর এবং ২৬ জন অ্যাসেম্বলি সদস্য ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। দুই ঈদের ছুটির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা ‘স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা মাজেদা এ উদ্দিন জানান, আলবেনি পার্লামেন্ট ভবনে অপরাপর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগঠনের কর্মীরা লবিং করেছেন। এ সময় অনেক সিনেটর ও অ্যাসেম্বলি সদস্য ঈদ বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রস্তাবিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ বিলটিতে স্বাক্ষরকারী সিনেটরদের মধ্যে রয়েছেন- রবার্ট জ্যাকসন, লুইস সেপুলভেদাসহ আরও অনেকে।