নাভালনির মৃত্যু

রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসছে

রাশিয়ার বিরুদ্ধে নতুন বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ‘কট্টর’ সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যু এবং ইউক্রেন যুদ্ধের দুবছর পূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান। তবে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জো বাইডেন জানান, ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় বার্ষিকীর আগের দিন আগামী শুক্রবার ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। 

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রতিরক্ষা খাত, বিভিন্ন শিল্পকেন্দ্রসহ রাজস্বের বিভিন্ন উৎস লক্ষ্য করে দেওয়া হবে। এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবি বলেছেন, অ্যালেক্সি নাভালনির সঙ্গে যা ঘটেছে তাকে কেন্দ্র করে এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার জবাবদিহি আদায়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

সম্প্রতি কারাগারে মারা গেছেন রাশিয়ায় পুতিনবিরোধী অন্যতম ব্যক্তিত্ব নাভালনি।