শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতন

চট্টগ্রামে এক শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জাহেদ উল্লাহ বিন খালেদ। গত মঙ্গলবার রাতে নগরের আসকারদীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নির্যাতনে ব্যবহৃত লোহার শিকটি জব্দ করে পুলিশ।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, নির্যাতনের শিকার শিশুটি গত ১২ ফেব্রুয়ারি রেস্তোরাঁর নিচতলায় কাজের ফাঁকে দাঁত দিয়ে নখ কাটছিল। এ সময় জাহেদ উল্লাহ তাকে গালাগাল করলে শিশুটি পাল্টা জবাব দেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাহেদ উল্লাহ শিশুটির পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় শিশুটি উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে লালখান বাজার মোড়ের বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি রেস্তোরাঁয় মাসিক ৩ হাজার টাকা বেতনে ক্লিনার হিসেবে কাজ করে।

এ ঘটনায় গত মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে খুলশী থানায় মামলা করলে আসামিকে গ্রেপ্তার করা হয়। জাহেদ উল্লাহ বিন খালেদ চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির সাহাবউদ্দিনের ছেলে।