ইউক্রেনের সস্তা কৃষিপণ্য আমদানি করা নিয়ে পোল্যান্ডের কৃষকদের ক্ষোভ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউক্রেনের কৃষিপণ্যের বিরুদ্ধে পোলিশ কৃষকদের মূল ক্ষোভ। তবে এই আন্দোলন নিয়ে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে, বিক্ষোভস্থল থেকে রুশ প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিনের পক্ষে স্লোগান উঠেছে। পোলিশ সরকার বিক্ষোভ তুলে দেওয়ার কথা ভাবছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে স্লোগান উঠে আসা নিয়ে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরউইনস্ক গত বুধবার বলেন, পুতিনকে মহিমান্বিত করার ব্যাপারটি কৌঁসলিরা তদন্ত করছেন।
ইউরোপের বিভিন্ন দেশে ইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমন্বিত কৃষিনীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন কৃষকরা। তবে পোল্যান্ডের কৃষকদের অসন্তোষের প্রধানতম কারণ হলো ইউক্রেন থেকে সস্তায় কৃষিপণ্য আমদানি। একটি জায়গায় কৃষক আন্দোলনের ব্যানারে লেখা ছিল, ‘পুতিন- ইউক্রেন, ব্রাসেলস (ইইউ দপ্তর) এবং আমাদের শাসকদের এক সারিতে রাখুন।’ এ সময় কৃষকদের ট্রাক্টরে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতাকা দেখা গেছে।
রাশিয়ার হামলার কারণে ইউক্রেন আর সহজে আগের মতো জাহাজের মাধ্যমে কৃষিজাত পণ্য রপ্তানি করতে পারছে না। এর কারণে পোল্যান্ড ও রুমানিয়ার মতো দেশের সঙ্গে স্থলসীমানা অতিক্রম করে কৃষিপণ্য রপ্তানি করছে কিয়েভ। ইউক্রেনকে সাহায্য করতে ইইউ ২০২২ সালে আমদানি শুল্ক তুলে নেয় যার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ইউক্রেনীয় কৃষিপণ্যের সস্তামূল্যের কারণে লাভবান হতে পারছে না পোলিশ কৃষকরা। তারা ইউক্রেন সীমান্ত অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।
পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের স্থলসীমান্ত সামরিক সহায়তা পাঠানোর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। কিন্তু সেখানে হাজার হাজার ট্রাক্টরের অবস্থান ইউক্রেনের জন্য চিন্তার কারণ। গত মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রথমবার বাস ও পণ্যবাহী ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটায়।