কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৬

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম ভারারুল সুখীনগর এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় লেনিনেশন মেশিন বিস্ফোরণের পর আগুনে পুড়ে একজনের মৃত্যু ও চীনের এক নাগরিকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে টঙ্গী বাজার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে ছয়জন সামান্য দগ্ধ হয়েছেন। এছাড়াও আগুনে পুড়ে গুদামজাত করা কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম ভারারুল সুখীনগর এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানাটিতে বিভিন্ন কোম্পানির সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তৈরি করা হতো। নিহতের নাম মোহাম্মদ লিখুন মিয়া (২৫), তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বেলা পৌনে ১টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম ভারারুল সুখীনগর এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় লেনিনেশন মেশিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণস্থলের আশপাশে আগুন ধরে যায়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে একজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন চীনের নাগরিক নিউ ইয়াং সিন (৪২), মো. শাহরুক (২২), মোহাম্মদ মনিরুজ্জামান (৩৬), মোহাম্মদ মিজানুর রহমান (৩০), মোহাম্মদ শাহজাহান (৪০), আহমেদ হোসেন (৩০)।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এদিকে গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর ৫টার দিকে টঙ্গী বাজার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী, ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশন নামের একটি ৭তলা ভবনে দ্বিতীয় তলায় একটি প্রাইভেট ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। ওই ভবনের বাকি অংশ স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে মালামাল মজুদ করে আসছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ভবনের চার তলায় হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ওই ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গুদামজাতকৃত মালামাল পুড়ে যায়। এছাড়াও অগ্নিকান্ডের ঘটনায় ওই ভবনে থাকা কয়েকজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের কারও হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় আফরিন ট্রেডার্সের মালিক মো. সোহেল ও মনির হোসেনসহ ১০ জন ব্যবসায়ী গুদামজাত করা কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ভোরে একটি মার্কেটে আগুন লাগার খবর পাই। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ওই ভবনে থাকা ব্যবসায়ী লিখন হোসেন বলেন, তিনিসহ ওই ভবনে থাকা ছয় জন আগুনে সামান্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তাদের কারও হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।