দেশে গতকাল শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২৪ ও মারা গেছে আটজন। এর আগের মাস জানুয়ারিতে রোগী ছিল ৮৩০ ও মারা গেছে পাঁচজন। সে হিসাবে জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে করোনা রোগী দেড় গুণ ও মৃত্যু দেড় গুণের বেশি ছিল।
এদিকে জানুয়ারিতে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ও মারা গেছে ১৪ জন। কিন্তু ফেব্রুয়ারিতে রোগী কমে দাঁড়িয়েছে ৩৩৯ ও মৃত্যু তিনজনে। সে হিসাবে জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে ডেঙ্গু রোগী তিন গুণ ও মৃত্যু চার গুণ কম ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মাসে করোনার সর্বোচ্চ সংক্রমণ ছিল ২৩ ফেব্রুয়ারি। সেদিন পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। মাসের সর্বনিম্ন সংক্রমণ ছিল ১২ ফেব্রুয়ারি ৫ দশমিক ৩০ শতাংশ। মাসের সর্বোচ্চ রোগী ছিল ২৭ ফেব্রুয়ারি ৮৩ জন ও সর্বনিম্ন রোগী ছিল ২৫ জন করে দুদিন, ৩ ও ৬ ফেব্রুয়ারি।
অন্যদিকে, ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ছিল ৪ ফেব্রুয়ারি ২৮ জন ও সর্বনিম্ন রোগী ছিল তিন দিন তিনজন করে, ৯, ১৬ ও ২৩ ফেব্রুয়ারি।
গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৬৩৯টি নমুনা পরীক্ষা করে ৫৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্ত হার ছিল ৯ শতাংশ। এ সময় একজন মারা গেছে। গত তিন দিন পর করোনায় একজনের মৃত্যু হলো। সর্বশেষ একজন মারা যায় ২৫ ফেব্রুয়ারি।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন ভর্তি হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ও দুজন করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। নতুন রোগীদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ সময় কেউ মারা যায়নি।
এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৯৪ জনে। তাদের মধ্যে ৮৮২ জন পুরুষ ও ৫১২ জন নারী রোগী। মোট রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫২৪ ও ঢাকার বাইরে ৮৭০ জন।
এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন। তাদের মধ্যে ১০ নারী ও ৭ জন পুরুষ।