অমর একুশে বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়নের পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক-সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা স্টল স্থান পেয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টলগুলো বই বিক্রির উদ্দেশ্যে নয় বরং শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই মেলায় স্টল রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, বইমেলা একাডেমি প্রাঙ্গণে স্টল দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টল।
এসব স্টল ঘুরে দেখা যায়, এখানে গবেষণাপত্র, বিভিন্ন প্রকাশনী থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের বই, গবেষণা, বার্ষিক রিপোর্টসহ বিভিন্ন প্রকাশনা মেলার এসব স্টলে স্থান পেয়েছে। এর ভেতরে অধিকাংশ বই প্রকাশনা শুধু প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। তবে মেলা উপলক্ষে তারা কোনো নতুন বই প্রকাশও করেনি।
স্টলের দায়িত্বরত কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রকাশনা, জার্নাল ও তাদের ফ্যাকাল্টিদের প্রকাশনাগুলো প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে মানুষের সামনে তুলে ধরতেই মেলায় স্টল দিয়েছেন তারা। বিক্রির কোনো উদ্দেশ্যই থাকে না তাদের।
বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে কী কী গবেষণা হচ্ছে, কারা কী কাজ করছেন, সেগুলো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য, বিক্রি নয়।’
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত রাসেল হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতেই মেলায় অংশগ্রহণ করি। এখানে আমাদের প্রচার-প্রচারণাই তুলে ধরার চেষ্টা করা হয়। অন্য প্রকাশনীগুলোর মতো আমাদের লাভ করার কোনো উদ্দেশ্য থাকে না। আর তাই মেলা উপলক্ষে বই প্রকাশের তাড়াও নেই।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের স্টলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের বইগুলো রাখা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু প্রকাশনাও রয়েছে। মেলা উপলক্ষে কোনো বই বা গবেষণা গ্রন্থ করা হয়নি। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য স্টল দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা আসেন, বইগুলো দেখেন। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এটা ভালো লাগার জায়গা যে বইমেলায় অংশগ্রহণ করেছে।’
গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলার ২৯তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ১২৭টি।
অমর একুশে বইমেলার বর্ধিত সময় : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সময়সীমা দুদিন বর্ধিত করা হয়েছে। সে অনুযায়ী এবারের বইমেলা আগামী ২ মার্চ শনিবার পর্যন্ত চলবে। গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, পুঁথি গবেষক জালাল খান ইউসুফী, কথাসাহিত্যিক মাহমুদুন নবী রনি এবং কবি রনি রেজা।
আজকের কর্মসূচি : আজ ১ মার্চ শুক্রবার অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।