সময়ের সঙ্গে নারীর সাজ বদল

নারীর অধিকার নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহনশীলতা ও সমতা রক্ষণের আহ্বান স্বরূপ প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ... এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ দিবসটি উদযাপনের জন্য বেগুনি রঙ নির্ধারিত হলেও সময়ের সঙ্গে বদলেছে নারীর সাজ ও ফ্যাশন। নারী দিবসকে সামনে রেখে নারীর সাজের বিভিন্ন পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। লিখেছেন তানজিলা তাহরিন

চুলের স্টাইল

এই তো কিছু দিন আগেও একদম স্ট্রেইট সিল্কি এক ঢাল চুল ছিল যে কোনো সাজের সঙ্গে আবশ্যক। কোথাও যাওয়ার আগে ঝটপট হেয়ার স্ট্রেইটনার বের করে চুল সোজা করতে ভুলতেন না বেশির ভাগ নারী। যে কোনো অনুষ্ঠানে যে কোনো পোশাকের সঙ্গে স্ট্রেইট চুল ছিল জনপ্রিয় চুলের সাজের মধ্যে অন্যতম। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে এই স্টাইল। কোঁকড়া বা হালকা ঢেউ খেলানো চুল ফিরছে ট্রেন্ডে। স্ট্রেইটনারের বদলে জনপ্রিয় হয়ে উঠছে কার্লনার। ট্র্যাডিশনাল পোশাক যেমন শাড়ি বা জমকালো সালোয়ার-কামিজের সঙ্গে হালকা কোঁকড়ানো চুল এখন দারুণ ফ্যাশনেবল। ভারী মেকআপের সঙ্গে চুলে হাফ পনিটেইল এবং পেছনে ছেড়ে রাখা চুলগুলোতে লুজ কার্ল সাজে আনছে আভিজাত্য। চুলে কোঁকড়া ভাব আনার অন্য একটি বোনাস দিক হলো অল্প চুলেও এই স্টাইলটি বেশ ভলিউম দেয়। এ ছাড়া ভারী সাজের সঙ্গে ক্রিম্প করা বা চুলও এখন ট্রেন্ডি স্টাইল। ক্রিম্পার দিয়ে ক্রিম্প করে চুলের ভলিউম বাড়িয়ে বাঁধা হচ্ছে নানা স্টাইলে, এবং শেষে বাড়তি চুলগুলোতে কার্লনার দিয়ে করা হচ্ছে লুজ কার্ল। এ ছাড়া পুরো চুলে ওয়েভি লুকও এখন বদলে যাওয়া চুলের সাজের অন্যতম বৈশিষ্ট্য।

রঙিন কাজল ও আইলাইনার

বেশ কিছু পরিবর্তিত ফ্যাশনের সঙ্গে রঙিন কাজলে চোখ রাঙানোর প্রচলন ফিরে এসেছে নতুন করে। কালো কাজলের একঘেয়েমিতা কাটিয়ে উঠতে নীল বা বাদামি কাজল হয়ে উঠছে নির্ভরতা। নীল পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখের মেকআপে ডেফিনিশন আনছে নীল আইলাইনার বা কাজল। এ ছাড়া অন্যান্য রঙের সঙ্গে কন্ট্র্যাস্ট করেও নীল আইলাইনার ব্যবহার করা হচ্ছে। ফলাফল হচ্ছে আকর্ষণীয় ও অনন্য। আবার বাদামি কাজল একটু স্মাজ করে চোখে আনা হচ্ছে বাদামি আভা। প্রতিদিনের সাজে বাদামি কাজল এখন দারুণ মানিয়ে যাচ্ছে। এ ছাড়াও সবুজ, হট পিংক এবং সোনালি ও রুপালি রঙের কাজল বা লাইনারও এখন বেশ ট্রেন্ডি।

হালকা মেকআপের আবর্তন

বর্তমান সময়টাতে সাজপোশাকে আধিক্য বেশ কম দেখা যায়। কমবেশি অনেক নারীই এখন সাজতে ভালোবাসেন সাধারণ এবং হালকা সাজে। ফলে মেকআপে সিম্পলিসিটির ছোঁয়া এখনকার নারীদের সাজের অন্যতম বৈশিষ্ট্য। বেজ হিসেবে ফাউন্ডেশনের বদলে শুধু বিবি বা সিসি ক্রিমের ব্যবহার, গালে ব্লাশের আভা ও চোখে মিনিমাল লুক আর সেই সঙ্গে ঠোঁটে নিউট্রাল, মভ বা ন্যুড রঙের লিপস্টিক বর্তমানের সাজ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আগে যেখানে অনুষ্ঠান মানেই ভারী মেকআপে সেজে ওঠা হতো, এখন যে কানো উপলক্ষ বা অনুষ্ঠানেই মিনিমাল মেকআপ দারুণ মানানসই ও ফ্যাশনেবল। একটু ফেস্টিভ লুক আনতে চোখে গ্লিটার ও ঠোঁটে গ্লসের ব্যবহার করা হয়। এ ছাড়া বেশির ভাগ সময়েই সাধারণ মেকআপেই সাজতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন নারীরা। নিত্যদিনের সাজ হিসেবেও এখন লিপ টিন্ট বা চিক মাড দিয়ে ঠোঁটে ও গালে লালচে বা অন্য হালকা রঙের আভা নারীদের অন্যতম পছন্দ।

চুলে নানা রঙ

এক ঢাল মেঘ কালো কেশরাশি এখন হয়েছে বেশ পুরনো। চুলে বিভিন্ন রকমের হেয়ার কালার বিভিন্নভাবে প্রয়োগের মাধ্যমে নারীরা হয়ে উঠছেন ফ্যাশনেবল। বাদামি, মেহগনি, বার্গান্ডি ছাড়া অন্য কোনো রঙে চুল রাঙাতে আগে দেখা না গেলেও এখন যে কোনো রঙেই চুল রাঙাচ্ছেন নারীরা। একটু বোল্ড লুক পেতে চুলে একটি বা দুটি স্টিক নীল, সবুজ অথবা গোলাপি রঙের হাইলাইট করতে দেখা যাচ্ছে অনেকেই। চুলে অমব্রে কালারের ফ্যাশনও এখন বেশ ট্রেন্ডি। ওপর থেকে কয়েক শেইড হালকা ও নিচের দিকে গাঢ় রঙের শেইড দিয়ে করা হয় এই লুক। এ ছাড়া বালেয়াজ নামক হেয়ার কালারের ধারাও এখন ইন ট্রেন্ড। হালকা অ্যাশ, ক্যারামেল, গোল্ডেন এসব রঙ দিয়ে চুলের ওপর একটি প্রলেপ দেওয়া হয় এই বালেয়াজ স্টাইলে। এমনি নানা ধারায় নানা রঙে চুল রাঙাতে ভালোবাসছেন এখন অনেকেই।

নখে ভিন্ন রঙের নেইল আর্ট

সাদাসিধে একরঙা নেইলপলিশে নখ রাঙানো এখন ফ্যাশন হিসেবে অনেকটায় আউটডেটেড। তার বদলে একটু শকিং কালারের ব্যবহার বা বেশ কয়েকটি রঙ দিয়ে শেইড করে নেইল আর্টের জনপ্রিয়তা বেশি। অনেকে গতানুগতিক ধারার রঙের বাইরে একটু শকিং রঙ বেছে নিচ্ছেন। যেমন কালো, গাঢ় নীল বা সবুজ, হলুদ, নিয়ন ইত্যাদি। এ ছাড়া নেইল আর্টে প্যাস্টেল শেইডের রঙের ব্যবহারের প্রাচুর্য চোখে পড়ছে। হালকা ধরনের একাধিক রঙের অমব্রে নেইলসে স্টোন, মিনি বাটারফ্লাই বা বিভিন্ন ডেকোরেটিং পিস দিয়ে নেইল আর্ট করা হচ্ছে। নতুন ধরনের এসব নখের আর্ট নারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ছিমছাম অনুষঙ্গ

ছোট্ট পাথর বা মুক্তার কানের টপ, দু-তিন লহরের চিকন চেইনের সঙ্গে বাটারফ্লাই বা সিম্পল ডিজাইনের পেন্ডেন্ট আর হাতে সরু ব্রেসলেট বা সিম্পল ঘড়ি; বর্তমান নারীদের কাছে নিত্যদিনের অনুষঙ্গ হিসেবে এগুলোই ফ্যাশনেবল। নারীদের রোজ দিনের ব্যবহারে সোনা বা সোনার আদলে গড়ানো গয়না এখন আর দেখা যায় না বললেই চলে। তেমন কাউকে পরতে দেখা যায় না ভারী দুল বা জমকালো মালা বা চুড়িও। তার বদলে অফিস, ক্লাস বা শপিংয়ে এ রকম হালকা অথচ স্টাইলিশ অনুষঙ্গ এখন ভীষণ ট্রেন্ডি। মুক্তা বা আনকাট পাথরের বিভিন্ন ধরনের আংটিও নতুন সাজের একটি ফ্যাশনেবল অনুষঙ্গের নাম।