বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। তিনি দাবি করেন, ‘এবারের দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের ওপর এর চাপ পড়বে না; বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনার লক্ষ্যে বড় গ্রাহক পর্যায়ে দাম কিছুটা বৃদ্ধি করা হবে।’
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এমন দাবি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দিয়েছেন।
বিএনপি নেতাদের মুখে বিদ্যুৎ নিয়ে কথা মানায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত অশুভ জোট, তাদের শাসনামলে হাওয়া ভবন খুলে দেশের জনগণের টাকা লুটপাটের মহোৎসব চালিয়েছিল; তখন বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল।’ এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘তাদের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে অর্থায়ন বাতিল করেছিল বিশ্বব্যাংক। ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। অথচ পরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতা এসে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ১০০ মেগাওয়াটে নামিয়ে এনেছিল।’
বিবৃতিতে বিএনপির সময় প্রতিদিন ১৮ ঘণ্টা লোডশেডিং হতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের পরিবর্তে শুধু খাম্বা স্থাপন করে দেশবাসীর সঙ্গে তামাশা করা হয়েছিল। বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, উল্টো পাঁচ বছরে নয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল। সেখানে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কল্যাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ২৯ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেছেন! একদিকে তারা প্রতিনিয়ত মিডিয়ার সামনে অবাধ মিথ্যাচার করে যাচ্ছেন, অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন! এ বিষয়টিকে বিএনপির দ্বিচারিতা ও নির্লজ্জ মিথ্যাচার বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের সময় দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত ও সুসংহত হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, অর্ধশতাধিক বেসরকারি টেলিভিশন, শতশত অনলাইন নিউজ পোর্টাল, নতুন নতুন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার অনুমোদন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে মতপ্রকাশের মুক্ত-বাতায়ন উন্মোচন করেছে বর্তমান সরকার।
জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা (বিএনপি নেতারা) বিদেশি রাষ্ট্রদূতকে ভগবান জ্ঞান করে রাজনীতি করছেন।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা জনগণের ক্ষমতায়নেও বিশ্বাস করে না। তাদের নির্ভরতা কেবলমাত্র বিদেশি শক্তির ওপর। সে কারণে বিএনপি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থবিরোধী অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস। জনগণের আশা-আকাক্সক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ণীত হয়।