গাজায় চলছে স্বাস্থ্যবিপর্যয় পশ্চিমতীরে গ্রেপ্তার

ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার পশ্চিমতীরে অভিযান চালিয়ে কমপক্ষে ৫৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। অঞ্চলটির বিভিন্ন এলাকার ফিলিস্তিনি বসতিতে চালানো হয় এ অভিযান। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা সংগঠন প্যালেস্টিনিয়ান ‘প্রিজনার্স সোসাইটি (পিপিএস)’ এই তথ্য নিশ্চিত করেছে। ওদিকে, সময়ের সঙ্গে গাজার স্বাস্থ্যবিপর্যয় মারাত্মকের দিকে মোড় নিচ্ছে। আসন্ন রমজান সামনে রেখে গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার ও হত্যাকান্ড সমানতালে চালিয়ে যাচ্ছে। আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন।

পিপিএস একটি বিবৃতিতে জানায়, পশ্চিমতীরের হেবরন থেকে ২২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকেই রয়েছেন, যারা ১৪০ দিন অনশন করে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তুবাস, বেথেলহাম, কারকিলিয়া, জেরুজালেম ও রামাল্লা থেকে ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে। রামাল্লাহর আল-আমারি আশ্রয়শিবিরে হামলা করে ১৬ বছরের এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

পিপিএস জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে, তার মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রেপ্তার অভিযানও চলছে। ৭ অক্টোবরের পর ইসরায়েল পশ্চিমতীরের ৭ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে গাজার মানবিক পরিস্থিতি যে ক্রমেই মারাত্মক বিপর্যয়কর জায়গায় যাচ্ছে, তা নিয়ে সতর্কবার্তা দেওয়া অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। চূড়ান্ত দুর্ভিক্ষ পরিস্থিতির প্রহর গুনছে গাজাবাসী। গাজায় এ মুহূর্তে শিশুদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপুষ্টি। চিকিৎসা সরঞ্জামের অভাব, নিত্যব্যবহার্য পণ্যের সংকট উপত্যকাকে তীব্র মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব না হলে এই পরিস্থিতি আরও নাজুক হবে। কারণ সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজায় ৩০ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। আর আহত হয়েছে প্রায় ৭২ হাজারেরও বেশি মানুষ।

এদিকে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত রবিবার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

কমলা হ্যারিস বলেন, ‘গাজায় দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে, এমন অবস্থায় উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার, যা এখন আলোচনার টেবিলে আছে। নতুন সীমান্ত ক্রসিং খোলা এবং “অপ্রয়োজনীয় বিধিনিষেধ” আরোপ না করার প্রতিশ্রুতিসহ ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। গাজার মানুষ ক্ষুধার্ত। সেখানের পরিস্থিতি অমানবিক এবং মানবতা আমাদের কাজ করতে বাধ্য করে।’

ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রচন্ড চাপের মুখে, তখন এমন মন্তব্য করলেন তার ভাইস প্রেসিডেন্ট।