বিবৃতিতে জিএম কাদের

পুরো দেশটাই যেন আগুনের ঝুঁকিতে আছে

পুরো দেশটাই যেন অগ্নিঝুঁকিতে আছে এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে, অগ্নিনির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল। এতে প্রতিবছর শত শত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে।’

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যে জানা গেছে, গত বছর ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ডে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ১০২ জন আর আহত হয়েছে ২৮১ জন। যদিও সাধারণ মানুষের ধারণা এই সংখ্যা আরও বেশি। তা ছাড়া ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি চিনিকলের আগুন পুড়ে পুড়েই নিভেছে। সেখানে অগ্নিনির্বাপণকর্মীদের অসহায় মনে হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে পুড়ে মারা গেছে ৪৬ জন। মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আরও কয়েকজন। তিনি ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ আগুনের বিষয়টি তুলে ধরেন।

জিএম কাদের বলেন, ‘শুধু অগ্নিকাণ্ডে প্রাণ ও সম্পত্তিহানি হচ্ছে তাই নয়। এ দেশের মানুষ আজ কোথাও নিরাপদ নেই। দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেলে কাটা পড়ে মৃত্যু, লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়া হরহামেশাই ঘটছে।’

সড়ক দুর্ঘটনার ফিরিস্তি ও এতে হতাহতের সংখ্যা প্রতিদিনই নতুন উচ্চতায় উঠছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।