ময়মনসিংহ সিটি নির্বাচন

প্রচারণা শেষ এখন শুধু ভোটের হিসাবনিকাশ

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। আর  ভোটাররাও অপেক্ষার প্রহর গুনছেন ভোটের দিনের জন্য। আর সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল মিছিল, শো-ডাউন, গণসংযোগ ও সমাবেশসহ প্রার্থীরা ভোটারদের কাছে শেষ মুহূর্তে আরেকবার ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন। ছক কষে ওয়ার্ড, পাড়া ও মহল্লা থেকে শুরু করে পরিবার ও ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানসহ দিয়েছেন নানান প্রতিশ্র“তি। প্রার্থীদের কেউ একবার, কেউ-বা শেষবারের মতো এলাকাবাসীর  সেবা করার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেছেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু গতকাল নগরীর রামবাবু রোড ও বাঘমারাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তিনি জানান, গত মেয়াদে নগরের উন্নয়নসহ নগরবাসীর জন্য যেসব কর্মকাণ্ড করেছেন ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে  ভোটাররা তার মূল্যায়ন করবেন। তিনি আরও বলেন সামনের নির্বাচনে জনগণ যদি তাকে সেবা করার সুযোগ দেন তাহলে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তসহ পরিকল্পিত ও  উন্নত সমৃদ্ধ নগরী গড়ে তুলবেন।

ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাতি প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু প্রচারের শেষ দিনে গণসংযোগে জানান, ভোটার ও নগরবাসীর কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন। নগরবাসী পরিবর্তন চান। নগরবাসীর এই চাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে পরিবর্তনে বিশ্বাসী ভোটাররা তাকেই বেছে নেবেন। তিনি জানান, যানজট ও জলাবদ্ধতা ছাড়াও নগরবাসীর ওপর অস্বাভাবিক মাত্রায় যে হোল্ডিং ট্যাক্স চাপিয়ে  দেওয়া হয়েছে তা থেকে মুক্তি চান নগরবাসী।

 মেয়র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম বলেন, নির্বাচনের পরিবেশ ভালো থাকবে ও সুন্দর থাকবে আচরণবিধি মেনেই আমরা কাজ করছি। নির্বাচন কমিশন সুষ্ঠু একটা জাতীয় নির্বাচন উপহার দিয়েছে যা সারা বিশ্ব স্বাগত জানিয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে সৎ-যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে।

এছাড়াও মেয়র প্রার্থী হরিণ প্রতীকের রেজাউল হক ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন ম-লসহ কাউন্সিলর প্রার্থীরাও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

নগরীর সম্প্রসারিত ৩২ নম্বর ওয়ার্ডের রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী এমদাদুল হক ম-ল জানান, এর আগেও তিনি কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনেও এলাকাবাসী তাকে বেছে নেবেন।

১৬ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী শরাফ উদ্দিন জানান সবসময় আমি এলাকাবাসীর পাশে ছিলাম। সব সময় এলাকার মানুষ আমাকে কাছে পায়। গণসংযোগকালে ব্যাপক সাড়া পেয়েছি। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮ কেন্দ্রে ভোট হবে ইভিএমে। ময়মনসিংহ সিটির ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে।

 জেলা রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। তবে বড় ধরনের কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে আছে।