৭ মার্চের ভাষণ নিয়ে গুলশান ক্লাবে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ৭ মার্চের ভাষণ এবং বাঙালির মহাজাগরণ নিয়ে ‘একটি ভাষণ-একটি দেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গুলশান ক্লাব। গতকাল বৃহস্পতিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, পরিকল্পিত রাজনীতিক, মেধা মননে বঙ্গবন্ধুর সমকক্ষ কেউ ছিলেন না। বঙ্গবন্ধুর পথ নির্দেশিকায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ সময় সরকারের একার পক্ষে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান অন্যান্যের মধ্যে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী (নাসিম) এমপি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বীরমুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু এবং গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার রশীদ বক্তৃতা করেন।

গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার রশীদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। যার পথ ধরেই স্বাধীনতা এসেছে।

ফরিদা ইয়াসমিন এমপি বলেন, ৭ মার্চ সুকৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে, শেকড় চেনাতে কার্যক্রম হাতে নিতে হবে।

আলাউদ্দিন আহম্মদ চৌধুরী (নাসিম) এমপি বলেন, বঙ্গবন্ধু মানুষের কল্যাণে কাজ করেছেন। সে পথ ধরেই রাজনীতিবিদদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে অস্বীকার করে রাজনীতি করা যাবে না।