দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার ১৬৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসেন। এরমধ্যে ১৯ বিদেশি পর্যবেক্ষকের খরচের ব্যয়ভার বহন করে সরকার। রাষ্ট্রীয় আতিথেয়তায় তাদের পেছনে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। সেই ব্যয়ের টাকা চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় সেলের সিনিয়র সহকারী সচিব মারজান বেগম এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মন্ত্রণালয় থেকে বিদেশি পর্যবেক্ষকদের পেছনে আপ্যায়ন ব্যয়ের একটি বিল পাঠানো হয়েছে। কিন্তু নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের খরচ আমরা বহন করব না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।
ইসি জানায়, ১৯ জন বিদেশি পর্যবেক্ষকের মধ্যে চীনের ৩ জন, ভারতের ৩, মরিশাসের ২, রাশিয়ার ৩, শ্রীলঙ্কার ২, উজবেকিস্তানের ৩ ও ওআইসির ৩ জন ছিলেন। এসব পর্যবেক্ষকের হোটেলে অবস্থান,আতিথেয়তা, কন্ট্রোল ও ব্রিফিং রুম স্থাপন, যাতায়াত এবং আপ্যায়নসহ অন্যান্য কার্যক্রমে ৯৮ লাখ ৬১ হাজার ৭৫৫ টাকা ব্যয় করা হয়।
জানা যায়, পর্যবেক্ষকদের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান ও আতিথেয়তায় ব্যয় করা হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৯৭৪ টাকা। এ সময় হোটেলে কন্ট্রোল রুম, ব্রিফিং রুম ও মিডিয়া রুম, খাবারে খরচ হয় ১৫ লাখ ১৪ হাজার ৪২৪ টাকা। একই সঙ্গে হোটেল থেকে আগত অতিথিদের এয়ারপোর্টের বলাকা লাউঞ্জে খাবার সরবরাহ করা হয় ১ লাখ ৮০ হাজার ৬৬৫ টাকার। বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থানকালে তাদের জন্য দুটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করা হয়। এই দুই এজেন্সিকে গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় ৪১ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা। সেইসঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল বাবদ খরচ হয় ৫৬ হাজার ৩৯০ টাকা। অফিস ও অন্যান্য বাবদ খরচ হয় ৩ লাখ ১৭ হাজার ৮৮১ টাকা।
নির্বাচন দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের সহায়তার জন্য গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত জনপ্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭২ জন কর্মকর্তা নিয়োগ করা হয়। দায়িত্বপ্রাপ্ত এইসব কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ, প্রশিক্ষণ, আন্তঃমন্ত্রণালয়ের সভা ও আপ্যায়নের খরচ করা হয় ২২ লাখ ৫০ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ৭২ জনের দৈনিক হাজিরা ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হয় ৬ লাখ ১২ হাজার টাকা।