পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মোক্তার হোসেন গাজী নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন আরও ১০ জন। তারা ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে কর্মস্থলে ফিরছিলেন। গতকাল শনিবার রাত ৯ টার দিকে কাঁচিকাটা-দুলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের শরীয়তপুর স্পেশালাইজড  হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোক্তার হোসেন পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। তিনি ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার বাচ্চু মিয়া গাজীর ছেলে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসীকল্যাণ শাখা) আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটচালকের সহকারী মো. সাইফুলের নাম জানা গেছে। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, ‘কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নদীর ওপারে ৭টি কেন্দ্র রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।’