পোশাকশ্রমিককে তুলে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা

গাজীপুরের শ্রীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে মোহাম্মদ আবদুল্লাহ (২৫) নামে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ বাঁশবাড়ি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি পাশের ইউরিনিট নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় মো. এহসান আহম্মেদ ও শহীদুলের পরিবারের সঙ্গে পারিবারিক ও জমি নিয়ে বিরোধ চলছিল আবদুল্লাহর। এর জেরে এহসান ও শহীদুল প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে বাঁশবাড়ি গ্রামের মেধাবিকাশ নামে একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল। শহীদুল ও এহসান ওই অনুষ্ঠানে গিয়ে প্রথমে আবদুল্লাহর সঙ্গে বাগ্বিতণ্ডার পর তাকে মারধর করলে লোকজন তাদের সরিয়ে দেয়। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পর এহসান ও শহীদুল বেশ কিছু লোক নিয়ে রাস্তা থেকে আবদুল্লাহকে তুলে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর আবদুল্লাহকে বেদম মারধর করে তারা। একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আবদুল্লাহর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্বজনদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা সাইদুল ইসলাম বলেন, ‘এহসান ও শহীদুলের সঙ্গে আবদুল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই তাকে প্রকাশ্যে তুলে নিয়ে ছুরি মেরে খুন করা হয়েছে।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, স্বজনরা রাতে আবদুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।