ওয়াইফাই নেটওয়ার্কের নাম কিয়েভপন্থি স্লোগানের সঙ্গে মিলিয়ে রাখায় রাশিয়ায় এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চরমপন্থি সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য গত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত।
গতকাল রবিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে মস্কোতে একজন পুলিশ ওই ছাত্রের ওয়াইফাই নেটওয়ার্কের নাম নিয়ে কর্র্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর ছাত্রটিকে গ্রেপ্তার করা হয়। মস্কো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র তার ওয়াইফাই নেটওয়ার্কের নাম রেখেছিল ‘স্ল্যাভা ইউক্রেনি’, যার অর্থ ইউক্রেনের গর্ব।
আদালতের তথ্য অনুযায়ী, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাসস্থানের মধ্যে তার কক্ষ পরিদর্শন করেছেন এবং তার ব্যক্তিগত কম্পিউটার এবং একটি ওয়াইফাই রাউটার খুঁজে পেয়েছেন।
আদালত জানিয়েছে, ওই ছাত্র স্ল্যাভা ইউক্রেনি স্লোগানকে প্রচার করছে। কারণ তার ওয়াইফাই রেঞ্জের মধ্যে অসংখ্য ব্যবহারকারী ওই নেটওয়ার্ক ব্যবহার করছে। রাউটারটি বর্তমানে বাজেয়াপ্ত করা হয়েছে। নাৎসি বা চরমপন্থি সংগঠনের প্রতীক প্রকাশ্যে ব্যবহার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।