মসজিদে নববি কর্তৃক ১৩৫২ নারী স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনার মসজিদে নববি। রমজান মাসে মসজিদে নববিতে আগত নারী মুসল্লিদের সাহায্য ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করার জন্য সম্প্রতি ১৩৫২ জন নারী স্বেচ্ছাসেবী দলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মসজিদে নববির জেনারেল অথরিটি ফর কেয়ার কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা এবং এখানে আগত নারী মুসল্লিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পদ্ধতি শেখানো।

প্রশিক্ষণের বিষয় ছিল, স্বেচ্ছাসেবী কাজের দক্ষতা বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ, আগত নারীদের সঙ্গে মার্জিত ব্যবহার এবং বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী নারীদের যত্ন নেওয়া।

প্রতি বছর রমজান মাসে সারা বিশ্ব থেকে অসংখ্য মুসলমান আগমন করেন ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান মক্কায়। তাদের প্রায় সবারই উদ্দেশ্য থাকে রমজানে ওমরাহ পালন করা এবং রমজানের শেষ দশ দিন মক্কার মসজিদে হারামে অথবা মসজিদে নববিতে ইতিকাফ করা। এই কারণে মসজিদে হারাম ও মসজিদে নববিতে প্রতি বছর রমজানে বিপুল সংখ্যক মুসলমানের আগমন ঘটে।

গালফ নিউজের সূত্রে জানা যায়, মসজিদে নববির জেনারেল অথরিটি জানায়, প্রতি বছরের মতো এবারের রমজানেও মসজিদে নববিতে বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। ওমরাহ পালনের পর সবাই মসজিদে নববিতে আগমন করেন। তারা এখানে এসে নামাজ আদায়, রাসুল (স.)-এর রওজা জিয়ারত এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে রমজান মাসে মসজিদে নববিকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হয়। যেন মুসল্লি ও দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাযথ পরিষেবা নিশ্চিত করা যায়।

সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে প্রায় ২৮০ মিলিয়নেরও বেশি মুসলমানের আগমন ঘটেছিল মসজিদে নববিতে।