পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় ১৯ জন জায়গা পেয়েছেন যার মধ্যে একজনই শুধু প্রতিমন্ত্রী। রাজধানী ইসলামাবাদে গত সোমবার দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর, দেশের সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষামন্ত্রী, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থমন্ত্রী এবং মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের মন্ত্রী করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আইনপ্রণেতাদের মধ্যে মোট ১৫ জনকে তার মন্ত্রিসভায় স্থান দেন। এর মধ্যে আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য তিনজন এবং নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্য ১২ জন। এ ছাড়া বাকিরা টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছেন। তারা হলেন মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নাকভি ও আহাদ চিমা। এই মন্ত্রিসভায় একমাত্র নারী সদস্য শাহজা ফাতিমা খাজা।