সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা নিয়ে সহিংসতার মামলায় গ্রেপ্তার পাঁচ আইনজীবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন, মোহাম্মাদ ওসমান চৌধুরী, কাজী বশির আহদে, মো. এনামুল হোসেন সুমন, মো. হাসানুজ্জামান তুষার ও মো. তরিকুল ইসলাম। এর মধ্যে কাজী বশির আহমেদ সহকারী অ্যাটর্নি জেনারেল। তাকে গত সোমবার অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৭ মার্চ রাতে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনা নিয়ে মারামারির ঘটনার পরদিন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে শাহাবাগ থানায় হত্যা চেষ্টার মামলা করেন। স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী এবং বিএনপি ও জামায়াত সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়। ওই দিন রাতে অভিযান চালিয়ে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।
গত ৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবুল কালামের আবেদন পাঁচ আইনজীবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষ গতকাল তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি নিয়ে আদালতে পাঁচ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।