লিথুয়ানিয়াতে হাতুরি হামলার শিকার নাভালনির সহযোগী

সম্প্রতি রাশিয়ার কারাগারে মারা যাওয়া দেশটির অন্যতম বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দীর্ঘদিনের সহযোগী এবং ঘনিষ্ঠ মিত্র লিওনিড ভলকভ নিজ এলাকাতে হাতুরি হামলার শিকার হয়েছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ভলকভের বাড়ির বাইরে হাতুড়ি দিয়ে আক্রমণ করা হয় তার ওপর। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরা।

ভলকভ রাশিয়াতে পুতিনের অন্যতম বিরোধী ব্যক্তিত্ব এবং নাভালনির সাবেক চিফ অফ স্টাফ। রাশিয়ায় বসবাস না করলেও নাভালনি ও তাঁর দলের হয়ে কর্মকাণ্ড চালাতেন ভলকভ। এছাড়া নাভালনির গঠিত দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তিনি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, ‘মঙ্গলবার রাতে ভিলনিয়াস এলাকায় ভলকভকে তার বাড়ির বাইরে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তার গাড়ির জানালা ভেঙে তাঁর ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে’।

 ভলকভের স্ত্রী আনা বিরিউকোভাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামীর আঘাতের ছবি শেয়ার করেছেন। ছবিতে যেখা গেছে আঘাতের কারণে কপালে একটি লাল দাগ এবং তার পা রক্তাক্ত হয়ে আছে।

পরবর্তীতে নাভালনির দল ভলকভকে স্ট্রেচারে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ছবি শেয়ার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস এই হামলাকে " জঘন্য" বলে অভিহিত করেছেন। অপরাধীদের তাদের অপরাধের জবাব দিতে হবে বলে একটি পোস্ট করেন তিনি।

ভলকভের বিরুদ্ধে রাশিয়ায় বেশ কিছু অভিযোগ দায়ের করা আছে। ৪৩ বছর বয়সী ভলকভ নিজের নিরাপত্তার কথা ভেবে ২০১৯ সাল থেকে রাশিয়ার বাইরে বসবাস করছেন।

রাশিয়ার স্বাধীন নিউজ আউটলেট মেডুজা জানিয়েছে যে, তারা ভলকভের ওপর হামলার কয়েক ঘন্টা আগে তার সাক্ষাৎকার নিয়েছে এবং সে বলেছে যে নাভালনির মৃত্যুর পর তিনি তার নিরাপত্তার জন্য চিন্তিত।

ক্রেমলিন ২০২১ সালে ভলকভকে গ্রেপ্তারের জন্য একটি পরোয়ানার আদেশ জারি করেছে।

গত বছর ভলকভ এবং তার দল একটি প্রকল্প চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল রাশিয়ানদের সাথে ফোনে বা অনলাইনে কথা বলা এবং ১৫-১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাদের পুতিনের বিরুদ্ধে নেওয়া।