আস্থাভোটে জিতলেও স্বস্তিতে নেই প্রচন্ড

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচ- গতকাল বুধবার আইনসভার নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার বিরুদ্ধে পড়ে ১১০টি ভোট।

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাকে পেতে হতো মাত্র ১৩৮ ভোট। ২৭৫ আসনবিশিষ্ট নিম্নকক্ষে গতকাল উপস্থিত ছিলেন ২৬৮ জন আইনপ্রণেতা। আস্থাভোটে জিতলেও জোট সরকার নিয়েও স্বস্তিতে নেই প্রচন্ড।

কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন) উপদল মাওবাদী কেন্দ্রের (এমসি) প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড গত নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হয়েও সর্বোচ্চ আসন লাভকারী নেপালি কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হন। কিন্তু রাজনৈতিক বোঝাপড়ার অভাবে শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসের সঙ্গে মাওবাদী কেন্দ্রের দূরত্ব তৈরি হওয়ায় সিপিএনের উপদল ঐক্যবদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী (ইউএমএল) গোষ্ঠীর সমর্থন নিয়ে গতকাল আস্থাভোটে সরকার টিকিয়ে রাখতে সমর্থ হলেন প্রচন্ড।

সরকার নিয়ে যেমন স্বস্তিদায়ক অবস্থায় নেই ইউএমএল, তেমনি মাওবাদী কেন্দ্রের ভেতরের পরিস্থিতিও ইতিবাচক নয়।