রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক

ড. ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে তার দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে ডারবিন এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। তবে দ্বিপক্ষীয় এ সম্পর্কে ড. ইউনূসের বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বৈঠকের বিষয়টি নিজের এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সিনেটর ডিক ডারবিন। বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়টি মার্কিন সিনেটরের দপ্তর থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানির বিষয়ে আলোচনা করতে ১৩ মার্চ (বুধবার) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন।

বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ডিক ডারবিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। মিয়ানমার সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করি আমি। কিন্তু আপাতদৃষ্টে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ বৈঠকে আমি আবারও ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।’

বৈঠকের পর গত জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠির অনুলিপি রাষ্ট্রদূত ইমরানের হাতে তুলে দেন ডিক ডারবিন। ওই চিঠিতে মার্কিন সিনেটের ১২ সদস্য ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানান।