হাসপাতালে রক্তাক্ত মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত হয়েছেন। তার দল তৃণমূল কংগ্রেস গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, কপালে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে তিনি আঘাত পেয়েছেন সে বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে করা এক পোস্টে গতকাল তৃণমূল কংগ্রেস মমতার তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তার কপালে বড় ধরনের জখম। আর সেখান থেকে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়েছে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানায়নি তার দল।

পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি। এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, ‘আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।’

অবশ্য পরে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসএসকেএম হাসপাতালের বরাতে জানায়, ৬৯ বছর বয়সী মমতা তার বাড়ির ভেতর পা পিছলে একটি ফার্নিচারের ওপর পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতার বাল্লেগঞ্জ থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি।