ভারতের চলতি বছর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল শনিবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা দেন, এবার সারা ভারতে সাত দফায় ভোটগ্রহণ হবে। আর এর সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। সবার নজর ছিল, জম্মু ও কাশ্মীরে ভোটের ঘোষণা দেওয়া হয় কি না। তবে ১০ বছর পার হলেও গতকাল অঞ্চলটির ভোটের ঘোষণা দেয়নি কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হবে। ১ জুন পর্যন্ত সাত দফায় চলবে এই ভোটগ্রহণ। ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন। এর সঙ্গে অন্ধ্রপ্রদেশে ১৩ মে, সিকিম ও অরুণাচলে ১৯ এপ্রিল এবং ওড়িশায় ১৩ মে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনে ৯৭ কোটি ভারতীয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ৮৫ বছরের বেশি বয়স্ক নাগরিকরা বাড়িতে থেকে ভোট দিতে পারবেন না। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। এর আগে নির্বাচনে জয়ী দল কিংবা জোটকে সরকার গঠন করতে হবে।
গত লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি দখল করে ৩০৩টি আসন। প্রধান বিরোধী দল কংগ্রেস পায় ৫২টি আসন। এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং দলটির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৪০০ আসনে জয়ের কথা বলছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার ক্ষমতায় আসবেন বলে মনে করছে বিজেপি। অন্যদিকে গত বছর ‘ইনডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া)’ গঠিত হওয়ার বিজেপিকে হারানোর কথা বললেও পরে জোটটি খেই হারিয়ে ফেলে। জোটভুক্ত দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় আশানুরূপ অগ্রগতি করতে পারেনি জোটের প্রধান শক্তি কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২টি আসন। এবার দলটি কি প্রভাব ফেলতে পারে, তার ওপরই নজর থাকবে সবার।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘গণতন্ত্রের বৃহত্তম উৎসব। নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। বিজেপি-এনডিএ পরিপূর্ণভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুত।’
কয়েকটি রাজ্যে এক দফায় ভোটগ্রহণ হয়ে যাবে। কিছু রাজ্যে কয়েক দফায় ভোটগ্রহণ হবে। যেমন পশ্চিমবঙ্গে সাতটি দফাতেই ভোট হবে। ১৯ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখ-, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম ও অরুণাচলে ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আওতায় থাকবে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, আসাম, মণিপুর ও ত্রিপুরা। ৭ মে তৃতীয় দফায় জম্মু ও কাশ্মীর, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ছত্তিশগড়, গোয়া, দাদরা-নগর হভেলি ও দমন-দিউ। ১৩ মে চতুর্থ দফায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড। ২০ মে পঞ্চম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও মহারাষ্ট্র। ২৫ মে ষষ্ঠ দফায় দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশা। সর্বশেষ সপ্তম দফায় হিমাচল প্রদেশ, পাঞ্জাব, চন্ডীগড়, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশায় ভোট হবে।