ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে নমাজ পড়ায় বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত পাঁচ ছাত্র আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে কোনো মসজিদ না থাকায় শিক্ষার্থীরা তারাবির নামাজ পড়তে হোস্টেলে জড়ো হয়েছিলেন। এ সময় লাঠি ও ছুরি নিয়ে হোস্টেলে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। হোস্টেলের ভেতরে তাদের নামাজ পড়তে অনুমতি কে দিয়েছে তা জানতে চেয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা।
হামলায় ভুক্তভোগী শিক্ষার্থী আফগানিস্তানের এক নাগরিক বলেন, সন্ত্রাসীরা স্লোগান দিয়ে জানতে চায়, হোস্টেলে নামাজ পড়ার অনুমতি কে দিয়েছে? এ সময় রুমের ভেতরে হামলা চালিয়ে আমাদের ল্যাপটপ, ফোন ও বাইক ভাঙচুর করে তারা। হামলার আধা ঘণ্টা পর পুলিশ আসে ঘটনাস্থলে। ততক্ষণে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।
আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও তুর্কমেনিস্তানের তিন নাগরিক এবং দুজন আফ্রিকান দেশের নাগরিক রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার এ ঘটনা সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জানানো হয়েছে।