আরও ৩৪ জন করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্ত হার ৭ দশমিক ৫১ শতাংশ। এই হার গত ১১ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি শনাক্ত হার ছিল ৬ মার্চ, ৮ শতাংশ।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপর দ্রুত করোনার প্রকোপ বাড়তে থাকে। একই সময়ে বিশ জুড়ে ছড়িয়ে পড়ে করোনা মহামারী। টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে এলেও চলতি বছরের প্রথম দিকে আবার ছড়াতে শুরু করে। এরই মধ্যে কয়েকজন মারা গেছে।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের তুলনায় ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি। গতকাল পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৮ জন নারী, যা মোট রোগীর ৩৭ শতাংশ। অথচ এখন পর্যন্ত যে ২০ ডেঙ্গু রোগী মারা গেছে, তাদের মধ্যে ১১ জনই নারী, যা মোট মৃত্যুর ৫৫ শতাংশ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৮ পুরুষ, যা মোট ভর্তি রোগীর ৬৩ শতাংশ। কিন্তু পুরুষ ডেঙ্গু রোগী মারা গেছে নয়জন, যা মোট মৃত্যুর ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময় কেউ মারা যায়নি। নতুন রোগীদের মধ্যে ঢাকায় একজন ও বাকিরা ঢাকার বাইরে ভর্তি হয়েছে। নতুন রোগীদের পাঁচজন নারী ও চারজন পুরুষ।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৬ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ২০৩ জনের বয়স ২১-২৫ বছরের মধ্যে। এ ছাড়া ১৮৪ জনের বয়স ২৬-৩০ বছর, ১৭৭ জনের বয়স ১৬-২০ বছর, ১৩৬ জনের বয়স ৩১-৩৫ বছর, ১২৫ জনের বয়স ০-৫ বছর ও ১১৩ জনের বয়স ৩৬-৪০ বছরের মধ্যে।

চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছয়জন মারা গেছে ৪৬-৫০ বছর বয়সী। আটজন মারা গেছে ১৬-৩৫ বছর বয়সী। একজন করে মারা গেছে ৬-১০ বছর, ৪১-৪৫ বছর, ৫১-৫৫ বছর, ৫৬-৬০ বছর, ৬৬-৭০ বছর ও ৭৬-৮০ বছর বয়সী।