জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বরখাস্ত হওয়া সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (হাকিম) আবু বকর সিদ্দিকীর আদালত শুনানি শেষে আম্মান সিদ্দিকীকে দুদিন ও দ্বীন ইসলামকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
অবন্তিকার মা তাহমিনা শবনমের করা মামলায় গত শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশ ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। রবিবার রাতে তাদের হস্তান্তর করা হয় কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে। গতকাল দুপুর ১২টার দিকে তাদের কুমিল্লার আদালতে আনা হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে আদালতে তোলা হয়। পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচ ও দ্বীন ইসলামকে দুদিনের রিমান্ডে চায়। বাদীপক্ষের আইনজীবীও মামলার গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আম্মানকে দুই ও দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক আবু বকর সিদ্দিকী।
শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের ১০ তলা ভবনের দ্বিতীয়তলার বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। তার আগে নিজের ফেসবুক আইডিতে অবন্তিকা তার মৃত্যুর জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে দায়ী করেন।
জবিতে শোক র্যালি ও মানববন্ধন : অবন্তিকার মৃত্যু এবং সুবিচারের দাবিতে শোক র্যালি ও মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় আইন বিভাগের ব্যানারে শোক র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে আইন বিভাগের শিক্ষকরাও অংশ নেন।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজকে মানববন্ধনে এ বার্তাই থাকবে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনকি কোথাও যেন এমন যৌন হয়রানিমূলক ঘটনা না ঘটে এবং আমরা এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। শুধু গ্রেপ্তার নয়, যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় ততদিন পর্যন্ত আমাদের এ মানববন্ধন চলবে।
ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জান্নাত সরকার নিতু বলেন, ‘সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ মানববন্ধন চলবে। এর আগেও আমরা অনেককে হারিয়েছি। পরবর্তীকালে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সেজন্য এ ঘটনায় জড়িতদের বিচার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত।’
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আক্কাস বলেন, ‘অবন্তিকার মৃত্যুর পেছনে কারা জড়িত তা যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিভাগের পক্ষ থেকে শোক র্যালি করেছি। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেন সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করে, এটাই আমাদের আজকের মানববন্ধনের মূল দাবি।’
গত রবিবার রাতে অভিযুক্তদের শাস্তির দাবি করে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। সে সময় ছয় দফা দাবি আদায়ে নতুন করে সাত দিনের আলটিমেটাম দেন তারা।
বরিশালে বিক্ষোভ : অবন্তিকাকে ‘আত্মহত্যার পথে ঠেলে দেওয়া’ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখা।
গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুলবিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান, সদস্য রেজওয়ান হোসেন সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সদস্য ঐশী হালদার, এ কে স্কুল শাখার সংগঠক সোহান শরীফ প্রমুখ।