যশোরের মণিরামপুরে নদীর মাটি খননকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার ঢাকুরিয়া বারপাড়া এলাকায় মুক্তেশ্বরী নদীর মাটি খনন করার সময় কৃষ্ণের পা বিহীন প্রায় ১০ কেজি ওজনের মূর্তিটি পাওয়া যায়। আজ মঙ্গলবার বিকেলে কৃষ্ণ মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
বারপাড়া এলাকার গৌতম কুন্ডু জানান, তার ভাইপো কঙ্কন কুন্ডু মুক্তেশ্বরী নদীর পাশে একটি মুরগির খামার নির্মাণ করছেন। সেখানকার গর্ত ভরাটের জন্য নদীর পাড় থেকে মাটি কাটার সময় গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক বাবুল হোসেন মূর্তিটি পান। তবে কিসের মূর্তি বুঝতে না পেরে তিনি মালিকের নিকট দিয়ে দেন। তারপর মূর্তিটি মন্দিরের রেখে পূজাও করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি কৃষ্ণের। দুই পা বিহীন মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি।
এদিকে বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে কঙ্কন কুন্ডু, তার স্ত্রী ও চাচা গৌতম কুন্ডু মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
এ সময় কঙ্কন কুন্ডু ও তার স্ত্রী মূর্তিটি তাদের মন্দিরে রেখে পূজা অর্চনা করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।